‘বজরং’ বিরোধী সংবাদ প্রকাশ, ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলার হুমকি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বর্ণবাদী পোস্টের বিরুদ্ধে ফেসবুক নিজেদের স্বার্থে ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ করে সংবাদ প্রকাশ করায় প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের নামে মামলার হুমকি দিয়েছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

পরিষদের জয়েন্ট সেক্রেটারি সুরিন্দর জেইন দাবি করেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল বজরং দলের বিরুদ্ধে খবর প্রকাশ করে ভারতকে অসম্মান করেছে এবং নিজেদের সীমা লঙ্ঘন করেছে।

সুরিন্দর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, তারা (ওয়াল স্ট্রিট জার্নাল) তাদের সীমা লঙ্ঘন করেছে। বজরং দলকে আক্রমণ করে তারা ভারতকে অপমান করেছে।

তার কথায়, ভারতে যদি সত্যিই কোনও অবৈধ কাজ হয়ে থাকে এবং তা থামাতে সরকার ব্যর্থই হয়, তবে মার্কিন সংবাদমাধ্যমটি ইঙ্গিত দিচ্ছে যে, এই সরকার যোগ্য নয়।

বজরং দলের সাবেক এই নেতা বলেন, আমার মনে হয়, ওয়াল স্ট্রিট জার্নালের সীমার মধ্যে থাকা উচিত। তাদের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।

সুরিন্দর জেইন বলেন, বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন এবং তারা ভারত ও হিন্দু সমাজের উত্থানে প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য তাদের ওয়াল স্ট্রিট জার্নালের কাছ থেকে সনদ নেয়ার দরকার নেই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দল সংখ্যালঘু নিপীড়নের পক্ষপাতি হওয়ায় তাদের বিপজ্জনক হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ফেসবুকের নিরাপত্তা টিম। এরপরও সংগঠনটি নিরাপত্তার বেড়াজাল ফাঁকি দিয়ে রাজনৈতিক বিবেচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরের মতোই প্রচারণা চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন: ফের উগ্রপন্থী বজরং দলকে সুবিধা দেয়ার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে

ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, বিজেপির সঙ্গে সুসম্পর্ক এবং বজরং দলের ওপর কড়াকড়ি দিলে তাতে ভারতে নিজেদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে ভাবনা থেকেই ফেসবুক উগ্রপন্থী সংগঠনটির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।

এর আগে, গত আগস্টেও ব্যবসায়িক সুবিধার জন্য ভারতে বিজেপি সরকারের সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষপাতী সম্পর্কের বিষয়ে প্রতিবেদন করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল।

-এনটি

পূর্ববর্তি সংবাদবিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, ৪৮৯ যাত্রীকে জরিমানা
পরবর্তি সংবাদভাস্কর্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক, আলোচনা আরো চলবে