বিএনপি ৩০টি আসনেও জয়লাভ করার মতো সমর্থন নেই : জয় 

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনের চাইতেও ভালো ফল করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, আমি মনে করি বিএনপির ৩০টি আসনেও জয়লাভ করার মতো সমর্থন নেই।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

নির্বাচন নিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার-আরডিসি’র জনমত জরিপে দেখা গেছে, ঐক্যফ্রন্ট ৪৯টি আসন পেতে পারে। এই চিত্র তুলে ধরে জয় বলেন, আমি মনে করি বিএনপি’র জন্য এই পূর্বাভাস বাস্তবসম্মত না, কারণ তাদের ৩০টি আসনেও জয়লাভ করার মতো সমর্থন নেই।

সজীব ওয়াজেদ জয়ের দেয়া পুরো স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) এর নতুন জনমত জরিপের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সারাদেশের ৫০টি জেলায় ২,২৪৯ জন তালিকাভুক্ত ভোটারের ওপর ডিসেম্বর এর প্রথম দুই সপ্তাহে এই জরিপটি চালানো হয়। এই জরিপের Confidence Level ৯৫% এবং Margin of Error +/-৩%। জরিপের ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের সমর্থন ৬০.৪% আর বিএনপি’র সমর্থন ২২.২%। এছাড়া জাতীয় পার্টি ৩.৭%, সিদ্ধান্তহীন ১০.৩% এবং ২.৭% ভোটার উত্তর দিতে চাননি।

এই জরিপটি পরিচালনার জন্য আরডিসি একটি নতুন পদ্ধতি অবলম্বন করেছে। ভোটাররা মক ব্যালটে ভোট দিয়ে একটি প্লাস্টিক বক্সে ফেলেন। ব্যালটে কারো নাম লিখা ছিল না, ফলে বোঝা যায়নি কে কোন দলের জন্য ভোট দিয়েছেন। এর ফলে দুটি জটিলতা দূর হয়, একটি হলো ভোটারদের মন থেকে তাদের মুল পছন্দ প্রকাশ হয়ে যাওয়ার ভয় দূর হয়েছে এবং অন্যটি হচ্ছে এর ফলে সিদ্ধান্তহীন অনেকেই ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, যেমনটি তারা আসল ভোটের দিন করবেন।

যেহেতু ভোটার উপস্থিতি কখনোই শতভাগ হওয়া সম্ভব না, ধরে নেয়া যায় যে বেশিরভাগ সিদ্ধান্তহীন ভোটাররাই নির্বাচন নিয়ে আগ্রহী নন এবং তাদের ভোট না দেওয়ার সম্ভাবনাই বেশি। আরডিসি’র পুর্বাভাস হচ্ছে, আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে ২৪৮টি আসনে জয়লাভ করবে আর বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট জিতবে ৫৯টি আসনে।

আমি মনে করি বিএনপি’র জন্য এই পূর্বাভাস বাস্তবসম্মত না, কারণ তাদের ৩০টি আসনেও জয়লাভ করার মতন সমর্থন নেই। যাই হোক, আমাদের জন্য আসন্ন নির্বাচনের ফল ২০০৮ সালের নির্বাচনের চাইতেও ভালো হবে। জয় বাংলা!

পূর্ববর্তি সংবাদসুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
পরবর্তি সংবাদবিকেলে ঐক্যফ্রন্টে জরুরি বৈঠক ও সংবাদ সম্মেলন