রাজধানীতে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করবে ওয়াসা

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ঢাকা ওয়াসা।

আজ শনিবার এক অনুষ্ঠানে এ কথা জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন, পানির যা উৎপাদন খরচ, তার চেয়ে অনেক কম দামে পানি দেয়া হয়। বাকিটা সরকার ভর্তুকি দিচ্ছে। দুঃখজনক হলো, এই ভর্তুকি উচ্চবিত্তরাও পাচ্ছেন, যদিও তাদের তা পাওয়া উচিত না। আমরা এখন চিন্তা করছি, এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করব।

শনিবার দুপুরে কারওয়ান বাজারের ওয়াসা ভবনে ‘নিম্ন আয় এলাকার আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২০’ বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওয়াসা এমডি প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ‘ঢাকা ওয়াসা নগরের বস্তিগুলোতে বৈধ পানি সুবিধা দিয়ে আসছে ঢাকা ওয়াসা। বস্তির অনেক মানুষেরই হোল্ডিং নম্বর নেই, তারপরেও তাদেরকে ওয়াসা পানি দিচ্ছে। সবাইকে নিরাপদ পানি পৌঁছে দিতে সরকার পানিতে ভর্তুকি দিচ্ছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই সুবিধাটা বড় লোকরাও পাচ্ছে। তিনি আরো বলেন, আমরা চিন্তাভাবনা করছি, এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করব। নিম্ন আয়ের মানুষদের জন্য পানির দাম এক হবে আবার ধনীদের জন্য এরচেয়ে একটু বেশি হবে। সব শ্রেণির মানুষের জন্য পানির দাম এক হওয়া উচিত না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ‘দীর্ঘদিন ধরে ওয়াটার এইড, ঢাকা ওয়াসার সঙ্গে কাজ করছে। একটা সময়ে ঢাকার বস্তিগুলোতে পানির নিয়ন্ত্রণ ছিল মাস্তানদের হাতে। সেখান থেকে বস্তিবাসীকে কিভাবে বৈধ উপায়ে পানির সরবরাহের আওতায় আনা যায় সেটা নিয়ে ওয়াটার এইড এবং ওয়াসা কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় আজ সেই সব নিম্ন আয়ের মানুষেরা বৈধ উপায়ে পানি পাচ্ছে। শুধু তাই নয় তারা নিয়মিত পানির বিল পরিশোধ করে আজ সম্মাননা পাচ্ছে।’

২০১৯ সাল থেকে ‘নিম্ন আয় এলাকার আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২০’ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে আসছে ঢাকা ওয়াসা, ওয়াটার এইড বাংলাদেশ এবং ডিএসকে। এই অনুষ্ঠানের মাধ্যমে মোট ২৫ জন গ্রাহককে সম্মাননা স্মারক দেওয়া হয়।

-এসএন

পূর্ববর্তি সংবাদআলেমদেরকে ইঙ্গিত করে হানিফ: ‘যারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন তারা ধর্ম ব্যবসায়ী’
পরবর্তি সংবাদমার্কিনিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নাগরনো-কারাবাখে রুশ সৈন্য নিহত