করোনার অজুহাতে ফের বিদেশিদের জন্য ওমরা স্থগিত করল সৌদি

ইসলাম টাইমস ডেস্ক: করোনার অজুহাত দিয়ে বিদেশিদের জন্য আবারও পবিত্র উমরা পালন স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব।

সোমবার (২১ ডিসেম্বর) সৌদি আরব কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, ‘যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশে নতুন করে কোভিড-১৯ এর প্রাদূর্ভাব দেখা যাওয়ায়, করোনার সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত এক সপ্তাহের জন্য উমরা পালন স্থগিত ঘোষণা করা হলো।’

বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের ফ্লাইট বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে উমরা যাত্রীদের বহনকারী ফ্লাইটও স্থগিত করা হয়েছে। এর আগে নভেম্বর মাসের ৪ তারিখ থেকে বিদেশি উমরা যাত্রীদের জন্য সাতমাস পর উমরা ভিসা উন্মুক্ত করে দেশটি। উমরা স্থগিতের ঘোষণা দেওয়া হলেও দেশটিতে আটকে পড়ে যাত্রীদের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট এ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ ও তাদের প্রতিবেদন বিশ্লেষণের পর তা আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হতে পারে।

তবে, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত অন্য দেশের কোনো ফ্লাইট থাকলে তা সৌদি আরব ত্যাগ করতে পারবে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে উমরা পালন বন্ধের বিরল ঘোষণা দেয় সৌদি আরব। এর প্রায় সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে কয়েক ধাপে উমরা চালু করা হয়।

করোনার কারণে এ বছর মোট ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়।

-এসএন

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘে কানাডার প্রতিবাদ
পরবর্তি সংবাদভারতে পাচারকালে ২০টি স্বর্ণের বারসহ আটক ১