ইসলাম টাইমস ডেস্ক: ‘সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো। সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত আন্তরিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
বিএনপির গণতন্ত্র হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দেওয়া মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের গণতন্ত্র হচ্ছে হাওয়া ভবনের লুটেরা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা। নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন সরে যাওয়াই বিএনপির গণতন্ত্র।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই- এ কথা বলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি কষ্ট পেয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল কত বছর আগে হয়েছিল, হয়তো ফখরুল সাহেব তা ভুলেই গেছেন। আসলে বিএনপির সমস্যা হলো তারা এখন বহুধাবিভক্ত নেতৃত্বে, তৃণমূলে নয়।’
গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, হঠাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না দাবি করে তিনি বলেন, গণতন্ত্র এক চাকার সাইকেল নয়, গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সকল পক্ষের সদিচ্ছা যা বিএনপিতে নেই।
দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাহলে আপনারা প্রতিনিয়ত সরকারের সমালোচনা করছেন কীভাবে? গণতন্ত্র আছে বলেই তো আপনারা সমালোচনা করে যাচ্ছেন।’
তিস্তার পানি বণ্টন প্রসঙ্গে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা ক্ষমতায় থাকাকালীন গঙ্গার পানি বণ্টনের কথা ভুলে গেলেও আওয়ামী লীগ সরকার ভুলে যায়নি। তিস্তার পানি বণ্টন সমাধানও হবে অচিরেই, এ বিষয়ে আলোচনা হচ্ছে।
এর আগে ওবায়দুল কাদের সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি’র বাস সার্ভিস উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অনলাইনে যুক্ত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
-এনটি
















