দুর্নীতি: প্রশান্ত কুমার হালদারকে ধরতে রেড নোটিশ পাঠানো হচ্ছে ইন্টারপোলে

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা আত্নসাত বা দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষ করে কয়েকদিনের মধ্যেই এই নোটিশ পাঠানো হবে।

একটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার বা পি. কে. হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই তিনি বিদেশে পালিয়েছেন।

বিশেষজ্ঞ আইনজীবীরা বলেছেন, নজরদারির অভাবে দুর্নীতির বড় অভিযোগ থাকার পরও অনেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।

পি. কে. হালদারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ঢাকার আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তার ভিত্তিতে ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানো হচ্ছে।

যদিও দুর্নীতির মামলাটি দুদক দায়ের করেছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ থেকে ইন্টারপোলের কাছে নোটিশ পাঠাতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

দুদকের আইনজীবী খোরশেদ আলম বলেছেন, অনেক আগেই পি. কে. হালদারের ব্যাপারে ইন্টাপোলকে চিঠি দেয়া হয়েছিল। কিন্তু ইন্টারপোলের চাহিদা অনুযায়ী এখন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সহ বিভিন্ন তথ্য দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

“দুদক আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পি. কে. হালদারের ব্যাপারে ইন্টারপোলকে জানিয়েছিল। তখন ইন্টারপোল জানায় যে, আদালতের আদেশ এবং মামলার বিস্তারিত লাগবে।”

তিনি আরও বলেছেন, “দুদক ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে গ্রপ্তারি পরোয়ানা জারি করার জন্য প্রার্থনা করে। গত মাসের মাঝামাঝি সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই আদেশে আদালত বলে দিযেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা ইন্টারপোলকে জানাবে। সেখানে বলেই দিয়েছে, তাকে গ্রেপ্তার করা হোক অতিসত্বর।”

 ইজে

পূর্ববর্তি সংবাদইউকে জমিয়তের উদ্যোগে মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবনী ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদব্রিটিশ খেদাও আন্দোলনের নীরব সাক্ষী সাতক্ষীরার ‘দরবার স্তম্ভ’