ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামের মরহুম আমীর আল্লামা আহমদ শফী রহ.-এর ইন্তেকালের ঘটনায় সংগঠনটির ৩৬ নেতার বিরুদ্ধে করা মামলায় সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পার্সপোট কার্যালয়ে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আল্লামা শফি‘র মৃত্যু নিয়ে মামলা সরকার করে নাই। যারা সংক্ষুব্ধ হয়েছেন তারাই মামলা করেছেন। এখানে সরকারের কিছু করার নেই। আমরা মনে করি বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কেউ যদি সংক্ষুব্ধ হন বা মনে করেন অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাহলে মামলা করতে পারেন। বিচার বিভাগ স্বাধীন বলে সরকার বিশ্বাস করে। বিচার বিভাগ নিজেদের মতো করে কার্যক্রম চালিয়ে নিচ্ছে।’
দেশজুড়ে ভাস্কর্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে একটি নির্দেশ রয়েছে। সরকার সেই অনুযায়ী কাজ করছে। ভাস্কর্য আমাদের ইতিহাসের অংশ এটি রক্ষার দায়িত্ব সবার।
এর আগে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়াণগঞ্জ ও চাঁদপুরের ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় ই-পাসপোর্ট সেবার আওতায় এসেছে।
এ সময় বক্তব্য রাখেন- সুরক্ষা সেবা বিভাগের সচিব শহীদুজ্জামান, পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের আওতায় এসেছে। ই-পাসপোর্টে পলিমারের তৈরি কার্ড ও অ্যান্টেনা থাকবে। কার্ডের ভেতরে থাকা চিপে পাসপোর্ট বাহকের যাবতীয় তথ্য থাকবে। এতে যে কোনো দেশের কর্তৃপক্ষ ভ্রমণকারী সম্পর্কে সহজেই সব তথ্য জানতে পারবে।
ই-পাসপোর্ট সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী অপু প্রমুখ।
-এসএন
















