ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরাফাত কর্তৃক তথাকথিত মৌলবাদের ধুয়া তুলে হাত ভেঙে দেওয়ার হুমকিকে ‘সরকারি পোশাকে গণবিরোধী মাস্তানি’ বলে অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
আজ (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইসলামাবাদী বলেন, কুষ্টিয়ার এসপি আরাফাতের বক্তব্যে বুঝা যায় প্রশাসনে নিয়োগপ্রক্রিয়ায় কী পরিমাণে দলীয়করণ ঘটেছে। পুলিশকে আমরা কখনোই গুণ্ডা-মাস্তানের ভূমিকায় দেখতে চাই না। কোনো দলের রাজনৈতিক চাকর হিসেবে বক্তব্য দেয়ার অধিকার পুলিশের নেই। বরং পুলিশ হলো প্রজাতন্ত্রের কর্মচারী বা জনগণের সেবক। জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা নিয়োজিত। বিচার করা বা শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব নয়।
তিনি আরো বলেন, পুলিশের দায়িত্ব অপরাধ ঠেকানো এবং অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে বিচারপ্রক্রিয়ায় পাঠানো। আর বিচার করবে আদালত। কিন্তু পুলিশ কোনো অপরাধীর হাত ভেঙে দিতে পারে না, কিংবা কোনো অপরাধীকে বিনাবিচারে জেল খাটাতেও পারে না। কতিপয় এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকর্তার কারণে দেশের পুলিশ বিভাগের দুর্নাম হচ্ছে। সরকারের কাছে আমরা অবিলম্বে উক্ত এসপিকে বরখাস্ত করার আহ্বান জানাই।
-এমএসআই
















