ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে পুলিশের পিক-আপ ট্রাকে যুক্ত করে রাখা বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এএফপির।
পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, কাবুলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের পিক-আপ ট্রাকে যুক্ত করে রাখা বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত হয়েছে।
ওই বিস্ফোরণে এক বেসামরিক নাগরিকও আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফারামার্জ জানিয়েছেন, কাবুলের পশ্চিমাঞ্চলীয় জেলায় পুলিশের আরও একটি পিক-আপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য আহত হয়েছে।
তিনি জানিয়েছেন, কাবুলে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ থেকে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত কয়েক মাসে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু প্রদেশে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণ, রকেট হামলাসহ বিভিন্ন সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
এসব হামলার বেশিরভাগ বিশেষ করে কাবুলে হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে।
-এনটি
















