ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) বিএনপি-জামায়ত জোট সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির একটি প্রতিনিধি দল এ বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ করে। পরে দলের পক্ষে ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন প্রতিনিধি দলের প্রধান ও দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান বলেন, ‘বিএনপি-জামায়াত অশুভ জোট নির্বাচনকে সামনে রেখে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমন তথ্য আওয়ামী লীগের কাছে রয়েছে।’
তিনি বলেন, ‘আগামীকাল বিএনপি-জামায়াত সারাদেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে; এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে একটি ভুয়া বুথ তৈরি করে নকল ভিডিও বানিয়েও গুজব সৃষ্টি করতে পারে।’
আক্তারুজ্জামান বলেন, ‘দেশের বিভিন্নস্থানে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা অব্যাহত আছে। আওয়ামী লীগসহ অন্য সব গণতান্ত্রিক দলের ও মহাজোটের অফিস ভাঙচুর, মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে। নিজেরাই সহিংসতা সৃষ্টি করে উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে। মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে।’
গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াত সন্ত্রাসী হামলায় সারাদেশে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে আক্তারুজ্জামান বলেন, ‘তারা ১৭টি জেলার ২২টি নির্বাচনি এলাকার ১০টি আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও ৭টিতে অগ্নি সংযোগ করে, ১০টি স্থানে বোমা হামলা ও গুলি বর্ষণ করে।’ তিনি বলেন, ‘তারা ইতোপূর্বে যেসব অভিযোগ করেছিলেন, সে বিষয়ে ইসি কী ব্যবস্থা নিয়েছে সচিবের কাছে জানতে চেয়েছিলেন। সচিব বলেছেন, তারা অভিযোগ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলেছেন। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে পরবর্তী সময়ে তা জানানো হবে।’
















