ইসলাম টাইমস ডেস্ক: ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় আরও একটি বছরের। করোনা মহামারিসহ বিভিন্ন কারণে বিদায়ী বছর ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। বিশেষত করোনা মহামারির কারণে বছরটিকে মানুষ মনে রাখবে যুগের পর যুগ। করোনা মহামারি ছাড়াও ২০২০ বিদায়ী বছরে মুসলিম বিশ্বে ঘটে যাওয়া আলোচিত ৭ ঘটনা নিয়ে থাকছে আয়োজন।
বছরের আলোচিত ৭ ঘটনা:
ওমরা পালনে স্থগিতাদেশ: করোনা মহামারিতে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটেছিল ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি। ওই দিন ওমরাহ পালনে স্থগিতাদেশ দেয় সৌদি সরকার। ওমরাহ পালন স্থগিত রাখা হয় কাবায়। নামাজ আদায় সীমিত করা হয় মসজিদুল হারাম ও সমজিদ-ই-নববীতে। সেকারণেও বহু বছর ধরে বছরটিকে মনে রাখবে সমগ্র মুসলিম বিশ্ব।
নামাজ আদায়ে বিধি-নিষেধ সব মসজিদে: ২৬ মার্চ থেকে পুরোপুরি লকডাউন শুরু হয় সারা দেশে। এরপর জনসমাগম এড়াতে দেশের সব মসজিদে জুমা ও নামাজ আদায় পুরোপুরি সীমিত করে দেওয়া হয় ৬ এপ্রিল থেকে। বর্তমানেও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের নির্দেশনা রয়েছে দেশের সব মসজিদগুলোতে।
রমজান ও ঈদের নামাজ: বিদায়ী বছরের সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পালন হয়েছে পবিত্র রমজানুল মোবারক। সীমাবদ্ধতা ছিল ইফতার ও তারাবি আদায়ে। বাসায় বসে আদায় করতে হয়েছে তারাবির নামাজ। এমনকি ঈদুল ফিতর ও ইদুল আযহার নামাজও পড়তে হয়েছে পাড়া মহল্লার মসজিদে।
হজ পালন সীমিতকরণ: স্মরণকালের সাক্ষী হয়ে থাকবে ২০২০ সালের হজ পালন। যেখানে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা হজ পালন করেন। সীমিত পরিসরে ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হয়। যা ইতিহাসে বিরল ঘটনা।
তুরস্কের আয়া সোফিয়ায় আপন পরিচয়ে ফিরে আসার ঐতিহাসিক মুহূর্ত: ৮৬ বছর পর ২৪ জুলাই জুমার নামাজের মধ্য দিয়ে আবার আপন পরিচয়ে ফিরে আসে তুরস্কের আয়া সোফিয়া মসজিদ। তুরস্কের সর্বোচ্চ আদালত এক অধ্যাদেশের মাধ্যমে জাদুঘর থেকে মসজিদ হিসেবে প্রত্যাবর্তনের অনুমোদন দেন বিশ্ববিখ্যাত আয়া সোফিয়াকে।
ইসরায়েল সাথে কিছু আরব দেশের সম্পর্ক স্থাপন: ফিলিস্তিন ইস্যুতে এত বছর ধরে সরব-নিরব প্রতিবাদ করে আসলেও বিদায়ী বছরের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক স্থাপন তাও আবার চুক্তির করে। যার মধ্যে রয়েছে আরব আমিরাত ও বাহরাইনের ১৫ সেপ্টেম্বর ও ২৪ অক্টোবর সুদান এবং ১০ ডিসেম্বর মরক্কোর সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা।
দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের ডাক: ফরাসি পণ্য বয়কটের ডাক দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। যার প্রেক্ষাপট শুরু হয় দেশটির প্রেসিডেন্টের ইসলাম বিদ্বেষী মন্তব্যের জের ধরে। এর আগে মুসলিম হৃদয়ের স্পন্দন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন পুনঃপ্রদর্শনী করে বিতর্কিত শার্লি হেবদো ম্যাগাজিন। এছাড়া শ্রেণিকক্ষে ইসলামের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কে নিয়ে কার্টুন দেখানোয় ওই শিক্ষককে হত্যা করা হয়। সেই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দুটি বিল্ডিং-এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রদর্শন করায় ক্ষেভে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব । অবশেষে ৩১ অক্টোবর আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের বিদ্বেষী মন্তব্য থেকে পিছু হটতে বাধ্য হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
-এনটি
















