মানবসম্পদ উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করুন : রাষ্ট্রপতি

ইসলাম টাইমস ডেস্ক : টেকসই উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক বিনিয়োগকারীদের মানবসম্পদের দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি বিনিয়োগ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধিতে আমাদের বেশি বেশি বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমেই আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে পারব।’

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ সম্মেলনে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

জেনিভায় জাতিসংঘ দপ্তরে চার দিনের এ সম্মেলনে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কয়েক হাজার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

রাষ্ট্রপতি আরও বলেন, ‘বিশ্বায়ন নতুন কোনো বিষয় না হলেও এর নেতিবাচক প্রভাবগুলো দেখা যাচ্ছে। শিল্পবিপ্লব এবং বৈজ্ঞানিক উদ্ভাবন বছরের পর বছর ধরে এই প্রভাবকে বাড়াচ্ছে। বিংশ শতাব্দীতে নজিরবিহীন প্রযুক্তিগত উন্নয়ন এবং যোগাযোগের ওপর এর প্রভাব পণ্য ও সেবার স্থানান্তরে বিপ্লব আনলেও সম্পদের সুফল প্রত্যেক মানুষের কাছে সমানভাবে পৌঁছেনি।’

বিশ্ব বিনিয়োগ সম্মেলন এবং ক্রানস মনটানা ফোরাম আয়োজিত ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের’ বিংশতম সম্মেলনে যোগ দিতে সোমবার জেনেভা পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পূর্ববর্তি সংবাদসংকটে পড়েছে সৌদি রাজপরিবার!
পরবর্তি সংবাদসরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা উদ্বিগ্ন : ড. কামাল হোসেন