ইসলাম টাইমস ডেস্ক : দেশের মুষ্টিমেয় মানুষের উন্নয়নে উন্নয়ন হয় না। আমরা চাই ১৬ কোটি মানুষের উন্নয়ন। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আমাদের বিজয় অনিবার্য। এসব কথা বলেন ড. কামাল হোসেন।
সিলেটের সমাবেশে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন বলেন, আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। সংবিধানের ৭নং অনুচ্ছেদে রয়েছে জনগণ দেশের মালিক জনগণ। কিন্তু বর্তমানে জনগণের সেই মালিকানা নেই। এটা আদায় করে নিতে হবে।
তিনি বলেন, আমাদের ১ নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর সঙ্গে আরও ৬টি দাবি রয়েছে। এসব দাবির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে।
ড. কামাল বলেন, দেশের মানুষ দেশের মালিকানা থেকে বঞ্চিত। এ কারণে জনগণের ঐক্য অপরিহার্য। সবাইকে এসে বলতে হবে সুষ্ঠু নির্বাচন চাই। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সহজ নয়। শক্তভাবে তা ফিরিয়ে আনতে হবে। ইনশাআল্লাহ দেশের মালিকানা দেশের মানুষ ফিরে পাবে। জনগণকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করব। ‘

ড. কামাল হোসেন বলেন, দেশের মালিকানা মানুষকে ফিরিয়ে দেয়ার জন্য ঐক্যের প্রয়োজন। এটা দলীয় ঐক্য নয়, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের মালিকানা ১৬ কোটি মানুষের কাছে ফিরিয়ে দেয়ার জন্য আমরা আন্দোলনে নেমেছি। সিলেটের এই সমাবেশ থেকে আজ সেই ঐক্যের সূচনা হলো। আমরা ১৬ কোটি মানুষের অধিকার আদায়ে আজ রাজপথে নেমেছি। একটি স্বাধীন দেশে জনগণের মালিকানা না থাকলে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছি। এই আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।
















