ইসলাম টাইমস ডেস্ক : আলেম-ওলামা ও তাবলিগের শীর্ষ মুরব্বিদের আপত্তির মুখে দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদপন্থীদের আহ্বানে জামালপুরের আগামী ১ নভেম্বরের পূর্ব নির্ধারিত ৩ দিনের ইজেতমা বাতিল করে দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।
আজ বুধবার (২৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত প্রশাসনের সঙ্গে আলেম-ওলামা ও তাবলীগের শীর্ষ মুরব্বিদের এক বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা সাপেক্ষে নিজামুদ্দিনপন্থীদের ইজতেমা বন্ধের এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবির, এসপি দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, পৌরসভার মেয়র মির্জা মণি এবং আইন শৃঙ্খলার বাহিনীর কর্মকর্তাগণ।
আলেম-ওলামা ও তাবলিগের মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম, মুফতি আবদুল্লাহ, মুফতি মনির, হাজি জমিউল হক প্রমুখ।
সাদপন্থীদের পক্ষে হাকিম মোস্তফা কামাল, আবদুর রাজ্জাকসহ ৫ জন উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রশাসন উভয় পক্ষের সঙ্গে পর্যালোচনা করে জেলা শ্রশাসন ইজতেমা স্থগিতের নির্দেশ দেন।
এর আগে বিতর্কিত নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা বন্ধে গত ২২ অক্টোবর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন তাবলীগের সাথী মুরব্বি ও ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ।
জামালপুরের মাওলানা সাদপন্থী মুরব্বি হাকিম মোস্তফা কামালের নেতৃত্বে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের ইকোনোমিক জোন মাঠে আগামী ১ নভেম্বর থেকে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়েছিল। স্থানীয় প্রশাসন আজ সেটা বাতিল করে দিয়েছে।
এদিকে আগামী ২৬, ২৭, ২৮ অক্টোবর মোতাবেক শুক্র, শনি ও রোববার ঢাকার মিরপুরের ১২ নম্বরে ইস্টার্ন হাউজিং ময়দানে এ ইজতেমার প্রস্তুতি নিয়েছিল সাদপন্থী লোকজন। সরকার সেটাও বন্ধ করে দিয়েছে।
















