ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করতে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সংলাপে বসেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছার পর সংলাপ শুরু হয়।
সংলাপে বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ১৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে গণভবনে গিয়েছেন জোটের ২১ নেতা।
সংলাপে বি চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এবং নির্বাহী সদস্য সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী।
এছাড়া সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এনডিপি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মঞ্জুর হোসেন ইশা, বাংলাদেশ জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান, জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের সভাপতি দীলিপ কুমার দাশ এবং লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী যুক্তফ্রন্টের পক্ষে সংলাপে অংশ নিয়েছেন।
অন্যদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নেয়া আওয়ামী লীগ ও শরিক দলের নেতারাই আজকেও উপস্থিত আছেন।
যুক্তফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সংলাপ শেষে রাতে বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় সাংবাদিকদের ব্রিফ করা হবে।
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে তাদের সংলাপে ডাকার পরই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করে চিঠি দেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী। চিঠি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সাড়া দেন।
প্রসঙ্গ সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগ দিয়েছে আটটি রাজনৈতিক দল। এ ছাড়া বিকল্পধারায় যোগ দিয়েছে বিভিন্ন দলের কয়েক শ নেতাকর্মী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তফ্রন্টে যোগ দেওয়া দলগুলো হলো—বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, গণফ্রন্ট, মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট ও মুসলিম লীগ। এ ছাড়া বিকল্পধারায় যোগ দিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক এমপি এইচ এম গোলাম রেজা, চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক, হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভিপি কিশোর কুমারসহ বিভিন্ন দলের কয়েক শ নেতাকর্মী।
আজ যুক্তফ্রন্টের নেতৃবৃন্দকে নিয়ে বি.চৌধুরী গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করেন। সংলাপে বিকল্পধারার একাধিক নেতা থাকলেও সংলাপে যাননি মাহী চৌধুরী।
















