ইজতেমার তারিখ স্থগিত, করা যাবে না জোড় বা ওয়াজাহাতি জোড়

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচন ও তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এবারের বিশ্ব ইজতেমা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাত বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন তাবলিগ জামাতের দুই পক্ষের প্রতিনিধি।

ধর্মমন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানকে উদ্ধৃত করে ঢাকার একটি গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।

সংবাদে ধর্ম সচিবের ভাষ্যে বলা হয়েছে, ‘নির্বাচনের আগে সব ধরনের জমায়েত নিষিদ্ধ। একইসঙ্গে তাবলিগ জামাতের মধ্যে বিরোধও রয়েছে। এসব বিবেচনায় তাবলিগের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে। তাই তাবলিগের দুই পক্ষের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তারা কোনও জোড় (জমায়েত), ওজহাতি জোড় (স্পষ্টকরণ জমায়েত) কিছুই করতে পারবেন না।’

বিশ্ব ইজতেমা স্থগিত প্রসঙ্গে মো. আনিছুর রহমান বলেন, ‘নির্বাচন শেষ হলে দুই পক্ষ বসেই তারিখ নির্ধারণ করবে। সেক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা দেবে।’

তাবলিগ জামাতের মুরুব্বিদের মধ্যে শুরা সদস্য মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। আলেমদের মধ্যে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ধর্ম সচিব, সেতু বিভাগের সচিব ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।

আরও পড়ুন : স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক : তাবলিগ সংকট নিরসনে আবারও দেওবন্দ যাচ্ছেন আলেম প্রতিনিধি দল

পূর্ববর্তি সংবাদভাঁজ করা ফোন আসছে আগামী মার্চে
পরবর্তি সংবাদফ্রিল্যান্সারদের লেনদেন সমাধানে এলো স্বাধীন কার্ড