ইসলাম টাইমস ডেস্ক : ভারতে কামানের গোলা বিস্ফোরনে সেনা বাহিনীর ৬ সদস্য নিহত ১০ জন আহত হয়েছে। মহারাষ্ট্রে সেনাবাহিনীর একটি ডিপোর কাছে গোলার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে মহারাষ্ট্র রাজ্যের ওয়ার্ধা জেলায় এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নাগপুর থেকে ৮০ কিলোমিটার দূরে পালগাও আর্মি ডিপোর একটি উন্মুক্ত স্থানে গোলাগুলো নেওয়া হয়েছিল। সেখানে ২৩ মিলিমিটার কামানের গোলা ধ্বংসের জন্য ট্রাক থেকে নামানোর সময় এ বিস্ফোরণ ঘটে।
এতে চারজন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর দু’জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অর্ডন্যান্স ফ্যাক্টরির এক কর্মী ও দুই শ্রমিক রয়েছে।
মধ্যপ্রদেশ রাজ্যের খামারিয়াভিত্তিক একটি অস্ত্র কারখানাকে বিস্ফোরক ধ্বংস করার কাজে ব্যবহারের জন্য স্থানটি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
















