ইসলাম টাইমস ডেস্ক: মহাজোটের শরিকদের ৫৫ থেকে ৬০টি আসন দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের আসন বন্টনের এ চিত্র তুলে ধরেন তিনি।
তিনি বলেন, শরিক দলগুলোকে ৫৫ থেকে ৬০টি ছেড়ে দেওয়া হয়েছে। তবে দু-একটি এদিক সেদিক হতে পারে। এগুলো আজকালের মধ্যে চূড়ান্ত করা হবে।
এর মধ্যে জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ৫টি, জাসদকে (ইনু) ৩টি, জাসদকে (আম্বিয়া) একটি, তরিকত ফেডারেশনকে দুটি, যুক্তফ্রন্টকে (বিকল্পধারা) ৩টি, জাতীয় পার্টিকে (জেপি) দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।
চূড়ান্তভাবে মহাজোটের প্রার্থী তালিকা জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল শনিবার নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে জেনে নিতে পারবেন। শরিক দলগুলোর যেসব প্রার্থীকে আসন দেওয়া হয়েছে তারা নৌকা মার্কায় নির্বাচনে অংশ নেবেন। এর বাইরে শরিক দলগুলো নিজ নিজ মার্কায় আলাদাভাবে নির্বাচন করতে পারে। আমরা উন্মুক্ত করে দিয়েছি।
















