ইসলাম টাইমস ডেস্ক : কুড়িগ্রামের রৌমারীতে রাতের আঁধারে ৭ জন প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর খাতায় নতুন করে উত্তর লেখার অভিযোগে উপজেলা সহকারী শিক্ষা অফিসারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্তদের গ্রেফতার দেখায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহেদুল ইসলাম, অফিস সহায়ক মো. সাদ্দাম হোসেন, উপজেলার গোয়ালগ্রামে অবস্থিত সাকসেস মডেল স্কুলের প্রধান শিক্ষক আবু মুসা ও সৃজন শিক্ষা মডেল স্কুলের প্রধান শিক্ষক আবু শাহিন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কক্ষে ঢুকে অভিযুক্তরা এ কাজ করেন। ৭ জন পরীক্ষার্থীর খাতায় একই হাতের লেখা হওয়ায় পরীক্ষকের সন্দেহ হলে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী (পিয়ন) সাদ্দাম হোসেনকে ডেকে নেন নির্বাহী অফিসার। সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে সহকারী শিক্ষা অফিসার শাহেদুল ইসলামকে ইউএনও কার্যালয়ে ডাকা হলে ঘটনার সত্যতা মেলে।
৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা অফিসার ক্লাবে অভিযুক্ত ৪ জন উপস্থিত হলে তাদের পুলিশে দেওয়া হয়।
এ বিষয়ে রৌমারী উপজেলার নির্বাহী অফিসার বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত শিক্ষা কর্মকর্তাসহ ৪ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ কারা হবে।
















