ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য নিয়ে করা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মাহবুব তালুকদার। এ সময় তিনি সিইসিসহ সকল নির্বাচন কমিশনার সমান বলে মন্তব্য করেন।
তিনি এক লিখিত প্রতিবাদে বলেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা গত ১৮ই ডিসেম্বর রাঙামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে, সিইসিসহ সকল নির্বাচন কমিশনার সমান।
আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই বক্তব্য তুলে ধরেন তিনি।
মাহবুব তালুকদার বলেন,ইতিপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনো তার কথার প্রতিবাদ করিনি। কিন্তু ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা কথা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না।
আরও পড়ুন : মাহবুব তালুকদারের বক্তব্য ‘অসত্য’, লেভেল ফিল্ড আছে : সিইসি
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আমি গত ১৭ই ডিসেম্বর বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই, তা সাংবাদিকরা নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন।
















