ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা মানুষের বিপদের বন্ধু। হজরত নূহ (আ.) এর নৌকা বিপন্ন মানুষকে যেভাবে সহযোগিতার জন্য এগিয়ে এসেছিল সেভাবে আওয়ামী লীগের নৌকা মানুষের বিপদে এগিয়ে এসেছে।’
শনিবার বিকাল ৪টার দিকে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজের পিতার হত্যাকারীদের মার্কা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া, এরচেয়ে লজ্জা আর কী হতে পারে?
তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ করেছিল। আমি চ্যালেঞ্জ করেছিলাম। আমি দুর্নীতি করতে আসিনি। আমি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি, নিজের ভাগ্য গড়তে আসিনি। যে অভিযোগ উঠেছিল, তা বানোয়াট ছিল প্রমাণ হয়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েছিলাম, নিজেদের টাকায় পদ্মাসেতু করবো। আল্লাহর রহমতে তা আমরা করছি।’
বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগদান করায় তাকে স্বাগত জানান শেখ হাসিনা। লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্যের মধ্য দিয়ে এ জনসভা শুরু হয়। এর আগে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সমাবেশ পরিচালনা করছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
















