ইসলাম টাইমস ডেস্ক: গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘ড. কামালের ঐক্যফ্রন্ট না, ষড়যন্ত্র ফ্রন্ট। উনি যুদ্ধাপরাধীদের নিয়ে দেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্রে নেমেছেন। উনার বুকের পাটায় যদি সাহস থাকে তাহলে উনি নির্বাচন করে জিতে এসে বড় বড় কথা বলুক। উনি নির্বাচনে দাঁড়ালে আওয়ামী লীগের যেকোনো কর্মীর কাছে জামানত হারাবেন।
তিনি গতকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে তাঁর নির্বাচনী এলাকা সদর উপজেলার করপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
শেখ সেলিম আরো বলেন, যারা আগুনে পুড়িয়ে দেশের মানুষ মেরেছে, যুদ্ধাপরাধী রাজাকারদেরকে মন্ত্রী বানিয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ড. কামাল তাদের সঙ্গে হাত মিলিয়েছেন, টাকা খেয়েছেন। উল্টো সাংবাদিকরা উনাকে প্রশ্ন করলে তাদের টাকা খাওয়ার কথা বলে পাকিস্তানি ভাষায় ধমক দেন। উনার পাকিস্তান প্রীতি রয়েছে।
তিনি ড. কামাল হোসেনকে আরো বলেন, আপনি তো ব্যারিস্টার মানুষ, কত টাকায় বিক্রি হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে বড় বড় লেকচার দিচ্ছেন। দেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মানুষ নৌকায় ভোট দেবে। আগামীতে এদেশে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে কোনো শক্তি থাকবে না।
করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নওয়াব আলী ফকিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।
















