ইসলাম টাইমস ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশের ব্রাইটন শহরে এক সড়ক দুর্ঘটনায় মো. আইন উদ্দীন বকুল (৪১) নামের একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
নিহত আইন উদ্দীন বকুলের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি কানাডায় টরেন্টোতে বসবাস করতেন। কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের একজন সদস্য ছিলেন তিনি।
বুধবার (২৬ ডিসেম্বর) রাতে কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসম্পাদক ও জালালাবাদবার্তা ডটকমের সম্পাদক মো.রুহুল কুদ্দুছ চৌধুরী থেকে এসব তথ্য জানা যায়।
মো. রুহুল কুদ্দুছ চৌধুরী জানান, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) কানাডার সময় ভোর ৬টার দিকে হাইওয়ে ৪০১ ব্রাইটন, অন্টারিও সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের কারটি খাদে পড়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলেই বকুলের মৃত্যু হয় এবং আহতদের কানাডার কিংস্টন জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই দুর্ঘটনায় আহত অন্য দুই বাংলাদেশি হলেন- কানাডার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল হক ও আজিম উদ্দিন। শরিফুলের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় আর আজিমের বাড়ি ঢাকায়।
দুর্ঘটনার কারণ কানাডার পুলিশ খতিয়ে দেখছে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা গেছে।
















