ইসলাম টাইমস ডেস্ক: গতকাল রোববার (৩০ ডিসেম্বর) ইরানের রাজধানী তেহরানে তালেবান ও আফগান সরকারের মধ্যে এক শান্তি আলোচনা অুনষ্ঠিত হয়। ইরান সরকারের মধ্যস্থতায় এ বৈঠকে ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমি আফগানিস্তানভিত্তিক তোলো নিউজকে এ বৈঠকের ব্যাপারে নিশ্চিত করেন।
‘তালেবানের একটি প্রতিনিধিদল গতকাল তেহরান এসেছিলেন। তারা ইরানি সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।’ বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন বাহরাম ঘাসেমি।
অবশ্য তালেবানের কাছ থেকে এখনও এ বৈঠকের ব্যাপারে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে আবুধাবিতে মার্কিন-তালেবান এক শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।
এই আলোচনার পর তালেবান মুখপাত্র দাবি করেন, তারা আরব আমিরাত, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গেও পৃথকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।
















