ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক :  ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  দুই মাদকবিক্রেতা নিহত হয়েছে। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি এবং ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান আটক করে র‌্যাব।

প্রাথমিকভাবে জানা যায়, নিহত দু’জনের নাম আসাদ ও এনামুল হক আকন্দ, বাড়ি মাদারীপুর জেলায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে – এমন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব। কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদকবিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ, একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি এবং ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

পূর্ববর্তি সংবাদদাবি এক হলে বিএনপি-ঐক্যফ্রন্টের সঙ্গে বসতেই পারি : চরমোনাই পীর
পরবর্তি সংবাদভোটে অনিয়মের অভিযোগের স্বচ্ছ তদন্ত চায় যুক্তরাষ্ট্র ও ইইউ