ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ডঃ হাসান রুহানি।
মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কিনোলায়েভ পুতিনের অভিনন্দনপত্র প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে পৌঁছে দেন। এদিকে আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতি দিয়েছেন ডঃ হাসান রুহানি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এই সাফল্যকে সম্ভবপর করেছে এবং এতে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রকাশ ঘটেছে।
ইরানের প্রেসিডেন্ট তার এই বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের কল্যাণ ও সফলতা কামনা করেছেন।
বাসস সূত্রে জানা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট তার পত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছেন তিনি।
রাশিয়া ছাড়াও, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট আওয়ামী লীগের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
















