ইসলাম টাইমস ডেস্ক : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সাথে আধা ঘন্টা লড়াই করে বীরের বেশে ফিরলেন জেলে মাসুম হাওলাদার (৩০)। তবে বাঘের নখ ও দাঁতের আঘাতে তিনি বেশ আহত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৩টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশনের তাম্বলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘের সাথে লড়াই করে গুরুতর আহতাবস্থায় বাড়ি ফেরার পর বিকেল তাকে শরণখোলা উপজেলায় ভর্তি করা হয়েছে। আহত জেলে শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আ.জলিল হাওলাদারের ছেলে।
মাসুমের দুই সহযোগী মামুন হাওলাদার ও তার ভাই জাহিদুল হাওলাদার জানান, ধানসাগর স্টেশন থেকে পাস-পারমিট নিয়ে সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরতে ছোট নৌকায় করে তাম্বলবুনিয়া এলাকায় যায় তারা।
বুধবার বিকলে ৩টার দিকে বড়শির আধারী সংগ্রহের জন্য জাহিদুল খালে জাল ফেলে মাছ ধরছিলেন। আর খালের চরে দাঁড়িয়ে ছিলেন মাসুম।
এ সময় সুন্দরবনের ভেতর থেকে বাঘ হঠাৎ মাসুমের ডান পায়ে আক্রমন করলে তিনি অন্য পা দিয়ে বাঘকে লাথি মেরে সরিয়ে দেন। আবার বাঘ তার বা হাত ধরে কেয়া বনের মধ্যে টেনে নিয়ে যেতে থাকলে বাঘের সাথে বাঁচা-মরার লড়াই শুরু করেন।
আধা ঘন্টা ধরে লড়াই চলার পর এক পর্যায় তার ভাই জাহিদুলের চিৎকারে কাছাকাছি মাছ ধরতে থাকা জেলেরা ছুটে এলে বাঘ মাসুমকে ছেড়ে পালিয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে বাঘের নখ ও দাঁতের আঘাতে মাসুম গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী জেলে হাবিবুর রহমান খলিফা জানান, তারা কাছাকাছি মাছ ধরছিলেন। এসময় ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে আসতেই বাঘ মাসুমকে ছেড়ে দিয়ে সুন্দরবনে চলে যায়। পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
শরণখোলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিপন নাথ জানান, মাসুমের শরীরের বিভিন্ন স্থানে বাঘের আঘাতে ক্ষত হয়েছে। তবে, তার অবস্থা আশঙ্কামুক্ত।
















