ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দীন অপুকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর মতিঝিল থেকে ৮ কোটি টাকা উদ্ধারের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গ্রেফতার করে র্যাব-১।
বিএনপি–জামায়াত সরকারের সময় মিয়া নুরুদ্দীন অপু তারেক রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অপু মালয়েশিয়া চলে যান। এরপর দেশে ফিরে বেশ কিছু দিন জেল খাটেন।
র্যাব-১-এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, নুরুদ্দীন অপু ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতারের পর তিনি সেখানেই র্যাবের প্রহরায় চিকিৎসাধীন থাকবেন। ওই হাসপাতালের ৫০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের সিটি সেন্টার থেকে টাকাসহ ব্যবসায়ী আলী হায়দার ও দুই ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব।
















