আল্লাহর রহমতে হজে আর কোনো অনিয়ম হতে দেবো না : ধর্ম প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : হজ্জের অনিয়ম রোধে হজ্জ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান নতুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে নিজের এই ইচ্ছের কথা প্রকাশ করেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পৌঁছানোর পর তিনি বলেছেন, ‘হজ্জে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম। ভুক্তভোগী হিসাবে আমি জানি কি করতে হবে। আল্লাহর রহমতে হজ্জে আর কোনও অনিয়ম হতে দেবো না।’

তিনি আরও বলেছেন, অতীতে হজ্জ নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সেগুলো ভবিষ্যতে যেন আর না উঠে সেসব ব্যবস্থা আমি নিশ্চিত করবো।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সুন্দরভাবে যেন মানুষ হজ্জ পালন করতে পারেন বিষয়টি আমি নিশ্চিত করবো। সবার কাছে গ্রহণযোগ্য ও নিষ্কণ্টক হজ্জ উপহার দেবো। ধর্মনিরপেক্ষতা শব্দটির অনেকেই অনেক অপব্যাখ্যা করে। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সব ধর্মই সমান। সবাই সবার ধর্ম পালন করবে।’

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের যেসব উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে সেগুলোর কাজ অব্যাহত রাখা হবে বলে জানান ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

পূর্ববর্তি সংবাদকুরআন হাতে শপথগ্রহণ : যা বললেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম নারী সদস্য
পরবর্তি সংবাদউজানি মাদরাসার শাইখুল হাদিসের জানাযা ও দাফন সম্পন্ন