ইসলাম টাইমস ডেস্ক : চাঁদপুরের কচুয়া থানাধীন ঐতিহ্যবাহী উজানি মাদরাসার শাইখুল হাদিস হযরত মাওলানা শরীফ শাহজালাল রহ.-এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বিশিষ্ট উলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র-শিক্ষক ও বিপুল সংখ্যক দ্বীনপ্রাণ সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।
আজ (৮ জানুয়ারি) বাদ আছর উজানি মাদরাসা মাঠে তার জানাযার নামায পড়া হয়। এবং এরপর মাদরাসার পাশেই মাকাবারায়ে ইবরাহিমিতে তাকে দাফন করা হয়।
মরহুমের নাতি মাওলানা ফুয়াদ মাকসুদ ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, মাওলানা শরীফ শাহজালাল আজ মঙ্গলবার সকাল ৭টায় ইনতেকাল করেন। বাদ আছর উজানি মাদরাসা মাঠে তার জানাযা শেষে মাকাবারায়ে ইবরাহিমিতে তাকে দাফন করা হয়।
মাওলানা শরীফ শাহজালাল চাঁদপুরের শাহতলী মাদরাসা ও চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় পড়াশোনা করেন। তিনি দীর্ঘদিন যাবৎ সৈয়দপুর আলিয়া মাদরাসার হেড মুহাদ্দিস এবং কচুয়া আহমদিয়া মাদরাসা ও উজানি মাদরাসার শাইখুল হাদিস ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৯০।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্য আলেমেদ্বীন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি আমৃত্যু ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। দীর্ঘ দরস-তাদরিসের জীবনে তিনি সারা দেশে শত শত যোগ্য আলেম তৈরি করার মহান দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।
আরও পড়ুন : ১০ ও ১১ জানুয়ারি উজানির মাহফিল : কারী ইবরাহিম রহ.-এর শিক্ষার সৌরভ ছড়িয়ে পড়ে যেখানে
















