চতুর্থ শ্রেণির কর্মচারী একজন আফজালের কত সম্পদ!

ইসলাম টাইমস ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ বিভাগের কর্মী মো. আফজাল হোসেন।মাসিক বেতন মাত্র ২৪ হাজার টাকা হলেও তিনি মিলিয়ন ডলার ব্যয় করে অস্ট্রেলিয়ার সিডনীতে বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন। তার স্ত্রী রুবিনা একজন স্টেনোগ্রাফার। ২০ হাজার টাকার মতো মাসিক বেতন পেয়ে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি ভবনের মালিক।

গতকাল দুদক কার্যালয়ে সংস্থার উপপরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্রে জানা যায়, আফজাল দম্পতির নামে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তিনটি পাঁচতলা বাড়ি রয়েছে। বাড়ি নম্বর ৪৭, ৬২ ও ৬৬। ১৬ নম্বর রোডেও আছে পাঁচতলা একটি বাড়ি। বাড়ি নম্বর ১৬। এছাড়া উত্তরার ১১ নম্বর রোডে একটি প্লট (প্লট নম্বর ৪৯)।

দেশের বাইরে অস্ট্রেলিয়াতেও মিলিয়ন ডলারের বাড়ি আছে আফজাল দম্পতির। দুদক সেই বাড়িরও সন্ধান পেয়েছে। এছাড়াও ঢাকা ও ফরিদপুরে বিভিন্ন জায়গায় তাদের এরকম আরও বেশ কিছু প্লট ও বাড়ি রয়েছে।

দুদকের কাছে জমা দেওয়া সম্পদের বিবরণীতে এই দম্পতি জানিয়েছেন, তাদের ১২ কোটি টাকার সম্পত্তি রয়েছে। দুদকের একজন কর্মকর্তা বলেছেন, “স্বাস্থ্যসেবা অধিদফতরের উচ্চ পর্যায়ের সহযোগিতায় ওই সিন্ডিকেটটি প্রায় কয়েকশ কোটি টাকা লুট করে নিয়েছে।”

দুদকের জিজ্ঞাসাবাদে আফজাল জানান, তিনি ০.২ মিলিয়ন ডলার ব্যয়ে সিডনীর বাড়িটি কিনেছেন। কিন্তু দুদকের উপপরিচালক ও চার সদস্য বিশিষ্ট তদন্তকারী দলের প্রধান সামছুল আলম বলেছেন, এই খাতে ব্যয়ের পরিমাণটি সম্ভবত আরও বেশি হয়েছে।

দুদক কর্মকর্তা সামছুল আলম বলেন, “বাড়ি কেনার জন্য অজ্ঞাত উপায়ে বাংলাদেশে থেকে অস্ট্রেলিয়ায় টাকা পাঠিয়েছেন আফজাল।” এছাড়াও, একইভাবে তিনি মালয়েশিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রেও প্রায় কয়েকশ’ কোটি টাকা পাঁচার করেছেন।

এতো সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আফজাল হোসেনকে গত সপ্তাহে নোটিশ দেয় দুদক। দুদকে আসার সময় জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি, নিজ ও পরিবারের সদস্যদের নামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদের বিবরণ ও আয়কর রিটার্নের ফটোকপি সঙ্গে নিতে বলা হয়েছে। সেই অনুযায়ী (বৃহস্পতিবার) সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আফজালের স্ত্রী রুবিনা খানম স্বাস্থ্য অধিদফতরের শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার স্টেনোগ্রাফার। দুদক তার বিরুদ্ধেও অনুসন্ধান করছে। একই সঙ্গে তাদের দু’জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া বা পান করা কি গুনাহ?
পরবর্তি সংবাদকাশ্মীরের মেধাবী আমলা শাহ ফয়সাল পদত্যাগ ও রাজনীতি নিয়ে যা বললেন