ইসলাম টাইমস ডেস্ক : ইসরাইলি পুলিশ বাহিনী আল আকসা মসজিদে মুসলিমদের নামাজ পড়তে দিচ্ছে না বলে অভিযোগ করেছে মুসলিম ওয়াকফ বিভাগ। তারা বলছে, আল আকসা মসজিদের প্রাঙ্গণ ও ডোম অব দ্য রকে সোমবার দুপুর থেকে নামাজ আদায়ে বাধা প্রদান করা হচ্ছে।
একজন মুসলিম নিরাপত্তা কর্মী মসজিদের ভেতর দিয়ে একজন ইহুদি পুলিশকে ইহুদি খিপপাহতে যেতে বাধা দেওয়ার পর তারা মুসল্লিদের নামাজে বাধা দিতে শুরু করে এবং মুসলিম নিরাপত্তা কর্মীদের গ্রেফতার করার জন্য গেটের বাইরে অপেক্ষা করতে থাকে।
মসজিদ কর্তৃপক্ষ বলেন, অমুসলিমরা মসজিদ পরিদর্শনের অনুমতি পেলেও কোনো অমুসলিমকে মসজিদের ভেতর তার স্বধর্ম চর্চার সুযোগ দেওয়াও অবকাশ নেই।
উগ্র ইহুদিরা বেশ কয়েক দশক করে দাবি জানিয়ে আসছে যে, আল আকসা মসজিদের প্রাঙ্গণটাও ইহুদি মন্দিরের অংশ করে নেওয়া হোক। কেননা তাদের বিশ্বাস হাজার বছর পূর্বে এই প্রাঙ্গণও ইহুদি মন্দিরের অংশ ছিলো।
তবে মুসল্লিরা এক পর্যায়ে তালা ভেঙ্গে মসজিদে ঢুকে পড়ে। আল আকসা মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে ওঠে। পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। পুলিশ বরাবর বাধা দিচ্ছিলো আর মুসল্লি মসজিদে ঢোকার চেষ্টা করছিলো।
সূত্র : ওয়াফা
















