ইসলাম টাইমস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অশ্লীল আচরণ ও নিপীড়নের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে চার শিক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এক ছাত্রী। অভিযুক্তরা ছাত্রলীগকর্মী বলে জানিয়েছেন ওই ছাত্রী।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শাহারুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের আবু সাঈদ, পদার্থবিজ্ঞান বিভাগের ডেভিড এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রাজওয়ান ইসলাম সীমান্ত। তারা সবাই জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের অনুসারী বলে দাবি করেছেন ওই ছাত্রী।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় সেমিস্টারের ওই ছাত্রী অভিযোগে বলেন, গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সভাপতি সমর্থক শাহারুল ইসলাম, আবু সাঈদ, ডেভিড ও রাজওয়ান ইসলাম সীমান্ত এই চারজন তাকে জগন্নাথের ক্যান্টিনের সামনে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়। এরপর ক্যাম্পাসের কাঁঠালতলায় তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে চেষ্টা করে।
এ সময় সিনিয়র এক বড় ভাই প্রতিবাদ করলে তার সঙ্গেও ওই চার শিক্ষার্থী অশ্লীল আচরণ করে। বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচার ও শাস্তি দিয়ে ক্যাম্পাসে মেয়েদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ওই নারী শিক্ষার্থী।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ছাত্রলীগ বলে কোনো কথা নয়। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সভাপতি তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, আমরা একটি মেয়ের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে দোষিদের শাস্তির আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানও।
















