আইনমন্ত্রী বলছেন, বিএনপি সংসদে যাবে

আইনমন্ত্রী আনিসুল হক

ইসলাম টাইমস ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বিএনপির সংসদে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘বিএনপির এখনো সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবে না, তা মনে করি না। বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। যে সময় আছে, সে সময়ের মধ্যেই বিএনপি সংসদে যাবে।’

আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যদি বিএনপি সংসদে না যায়, তাহলে জনগণই দেখবে তাদের কী পরিণতি হয়। আমার এ বিষয়ে বলার কিছু নেই।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পালা।’

সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিয়ে মন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত ওই প্রতিবেদন হাতে না পাব, ততক্ষণ কিছু বলব না।’

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল কায়সার ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আবুল কাসেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, যুবলীগ নেতা আতাউর রহমান, আবদুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রী আমাদের এমপি করার প্রতিশ্রুতি দিয়েছেন : তৃতীয় লিঙ্গের নাদিরা খানম
পরবর্তি সংবাদকুষ্টিয়া মেডিকেল কলেজের নতুন ভবনে ধস, আহত ৪