নির্বাচন নিয়ে আজ বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: নতুন পররাষ্ট্র মন্ত্রী বিদেশি কূটনীতিকদের সঙ্গে আজ বসছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কথা বলবেন তিনি।

জানা গেছে, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) অবহিত করবেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। মন্ত্রী হওয়ার পরে এটি হবে বিদেশি কূটনীতিকদের সঙ্গে তার প্রথম দলবদ্ধ বৈঠক।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশে কর্মরত সব দূতাবাস, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভূমিধস জয় ও প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের শোচনীয় পরাজয়ের কারণসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে এ আলোচনায়।

এছাড়াও, নেপালের রাষ্ট্রদূত চপ লাল ভুষল , শ্রীলংকার রাষ্ট্রদূত ক্রিসেন্থে ডি সিলভা, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে তেরিংক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হেনরিকাস ভের হুইজ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এসব বৈঠক হওয়ার কথা রয়েছে।

কূটনীতিকদের সঙ্গে জাতীয় নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,‘এটি একটি রুটিন বিষয়। সরকারের নীতি, বর্তমান পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রী কূটনীতিকদের নিয়মিতভাবে অবহিত করে থাকেন। এর মাধ্যমে কূটনীতিকরা সরকার এবং এর নীতি সম্পর্কে পরিষ্কার ধারণা পান এবং তাদের যদি কিছু জানার থাকে সেটি তারা জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন।

সূত্রটির বিশ্লেষণ, নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ায় বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কোন্নয়নের জন্যও বৈঠকটি পররাষ্ট্রমন্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কূটনীতিক এ. কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে কর্মরত সব রাষ্ট্রদূতদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন যা পরবর্তী সময়ে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক যোগাযোগ সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

পূর্ববর্তি সংবাদভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৫
পরবর্তি সংবাদ১৯ ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে