ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি খারিজের আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এই আবেদন নিয়ে রিটকারী এখন অন্য বেঞ্চে যাবেন বলে জানা গেছে।
সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ নেওয়ায় তার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ জানুয়ারি হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন রিটটি দায়ের করেন।
















