ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যুবলীগ নেতাসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন মনে করছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও নিহতরা মাদকাসক্তও থাকতে পারেন বলে জানান তারা।
রোববার ভোরে সোনারগাঁওয়ের বৈরাবরটেক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ মোক্তার (৫০), আড়াইহাজারের বাঘানগর এলাকার মো. মোমেন (৫৫), একই উপজেলার মারুয়াদী গ্রামের মো. রাজু (৪৫) ও বড় ফাউসা গ্রামের মো. রিপন (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত আরিফুর রহমান রবিনকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে সোনারগাঁওয়ের বৈরাবরটেক এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে, মাইক্রোবাসের সবাই মাদকসক্ত ছিল। স্বজনেরা পুলিশকে না জানিয়েই লাশ বাড়ি নিয়ে গেছে।
















