ইসলাম টাইমস ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথমবারের মতো আজ সোমবার বৈঠকে বসছে নতুন মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেবেন ওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রবিবার (২০ জানুয়ারি) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা (তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার-সমন্বয়ক) আসাদুজ্জামান খান।
মন্ত্রিসভার প্রথম বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও সংশোধন) অধ্যাদেশ ২০১৯ এর অনুমোদনের জন্য উপস্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণের খসড়াসহ আরও পাঁচটি বিষয় অনুমোদনের জন্য উপস্থাপন।
এছাড়াও প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিক-নির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
















