ইসলাম টাইমস ডেস্ক: স্বাধীনতা লাভের পর গত ২৮ বছরে ২৫০০ মসজিদ নির্মাণ করেছে কিরগিজস্তান। ১৯৯১ সালে দেশটি রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করে।
সেই থেকে গত ২৮ বছরে প্রতিবছর গড়ে ৯০টি মসজিদ নির্মাণ করে আসছে দেশটি।
মধ্য এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশ কিরগিজস্থান। চীন, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান বেষ্টিত দেশটি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। দেশটি ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ২৫০০ হাজার মসজিদ নির্মাণ করেছে।
কিরগিজস্তানের ধর্ম বিষয়ক কমিশন এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, গত ২৮ বছরে আড়াই হাজারেরও বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে। অথচ স্বাধীনতা লাভের সময় দেশটিতে মাত্র ৩৯টি মসজিদ ছিল।
এছাড়াও বর্তমানে কিরগিজ ধর্ম বিষয়ক কমিশনে ৩ হাজার ২৩৩টি ধর্মীয় প্রতিষ্ঠান নিবন্ধিত রয়েছে। এগুলোর মধ্যে ইসলামি সংস্থা ২ হাজার ৮২২টি, খ্রিস্টান সংস্থা ৩৯৭টি, বৌদ্ধ সংস্থা ১টি, ইহুদি সংস্থা ১টি এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ১২টি।
উল্লেখ্য, মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত।
















