গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে স্থগিতকৃত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটকেন্দ্র ১৩২টি। ভোটগ্রহণে কর্মরত আছেন ১৩২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৫৭২ জন পোলিং কর্মকর্তা ।

এখানে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন।

নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাপা (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল) ও জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান, এই আসনে ২ হাজার ৫শ পুলিশ সদস্য, বিজিবি ২০ প্লাটুন, র‌্যাব ২০ প্লাটুন ও ১৫শ ৮৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন ।

ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মারা যান। ফলে নির্বাচন কমিশন এ আসনের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল অনুযায়ী ২৭ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।

পূর্ববর্তি সংবাদঢাকা সিটিতে আতিক, কিশোরগঞ্জে আশরাফের বোন আ.লীগের মনোনয়ন পেয়েছেন
পরবর্তি সংবাদকী ছিল প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রে?