ফিলিপাইনের গির্জায় ভয়াবহ বোমা হামলা, নিহত ২১, আহত ৭১

ইসলাম টাইমস ডেস্ক : ফিলিপাইনে একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় অন্তত ২১ জন নিহত এবং আহত হয়েছেন ৭১ জন।

আজ রোববার সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের জোলো দ্বীপের রোমান ক্যাথলিক ক্যাথেড্রালে এ হামলার ঘটনা ঘটে।

বলা হচ্ছে, গির্জায় পরপর দুটি বোমা হামলা হয়েছে। প্রথম বোমাটি বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে শুরু করলে গির্জার পার্কি লটে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও রয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এই জোড়া বোমা হামলার দায় শিকার করেনি।

এই হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা। একইসঙ্গে সন্ত্রাসবাদ যাতে কোনোভাবেই বিজয়ী হতে না পারে সেজন্য কর্তৃপক্ষের কাজে সহায়তা দিতে স্থানীয় জনগোষ্ঠীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

ডেলফিন লরেঞ্জানা বলেন, ‘এই ঘটনার পেছনে থাকা সবাইকে বিচারের মুখোমুখি করতে আমরা আমাদের আইনের সর্বশক্তি নিয়োগ করবো।’

যে জোলো দ্বীপে গির্জায় হামলার ঘটনা ঘটেছে সেই দ্বীপটি দীর্ঘদিন ধরেই ‘আবু সায়াফ’সহ ইসলামপন্থি বিভিন্ন গোষ্ঠীর শক্ত ঘাঁটি। আর যে গির্জায় হামলা হয়েছে সেখানে এর আগেও বোমা হামলা চালানো হয়েছিল।

পূর্ববর্তি সংবাদনীলফামারীর সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
পরবর্তি সংবাদযশোরে এমপির বাড়িসহ ৬ স্থানে বোমা বিস্ফোরণ