ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতে উঠে যাওয়ায় ২ পথচারীর মৃত্যু ঘটেছে। ঢাকার বিমানবন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর চত্বরের সামনেই একটি রডবোঝাই ট্রাক ফুটপাতে উঠে যায়। নিহতরা হলেন, ডালিম (২০) ও মোবারক (২৭)। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা পরস্পর পরিচিত হতে পারেন। নিহতদের পকেটে থাকা মোবাইল ও মানিব্যাগের কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
















