ইসলাম টাইমস ডেস্ক: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎরাই পার করে আমরা একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। কারণ এবারের নির্বাচনে মা বোনেরা, যারা প্রথম ভোটার, তরুণ ভোটাররা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। একটি সফল নির্বাচনের মধ্য দিয়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা প্রতিনিধিরা বসেছি সবাই কিন্তু আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। জনগণের প্রতিনিধি হিসেবে এখানে আমরা আমাদের স্ব-স্ব দায়িত্ব পালন করব।
বুধবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারায় সমালোচনা সব সময় গুরুত্বপূর্ণ। এটুকু আশ্বাস দিতে পারি এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন, তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোনো বাধা সৃষ্টি করবো না। কোনো দিন বাধা আমরা দেইনি, দেব না।
তিনি বলেন, সংসদ নেতা হিসেবে আমার দায়িত্ব সংসদের সব সদস্যের অধিকার দেখা এবং আপনি স্পিকার হিসেবে সব সদস্য যাতে সমানভাবে সুযোগ পায়, এখানে সরকারি-বিরোধী দল সবাই যেন সুযোগ পায় অবশ্যই সেটা দেখবেন।
সংসদ নেতা বলেন, গণতন্ত্রই একটি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় আর তা আজ বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণিত সত্য। আজ আমরা আর্থ-সামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যেয়ে আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি।
শেখ হাসিনা বলেন, অতীতে একটা চমৎকার পরিবেশে সংসদ পরিচালিত হয়েছিল বলেই আমরা মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম। আবার আমরা যেহেতু সংসদে নির্বাচিত হয়ে এসেছি অবশ্যই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, এই সংসদে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজকে সেই সংসদ আপনাকে স্পিকার হিসেবে নির্বাচিত করেছে এবং ডেপুটি স্পিকার হিসেবে আমাদের ফজলে রাব্বী সাহেবকে নির্বাচিত করেছে। আমি আপনাকে এবং ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানাচ্ছি।
















