ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় প্রতিনিধি দল আসার কথা গণমাধ্যমকে জানান মাদরাসার মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি সরওয়ার কামাল।
তিনি জানান, সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি মাদ্রাসায় প্রবেশ করে প্রথমে মাদ্রাসা ক্যাম্পাস ঘুরে দেখেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী বাজি। দলের অন্য সদস্যরা হলেন- খলিল ইব্রাহিম ইলমাজ, ইউসুফ খারা, নেহাত ওজদেমির ও সানের যে জেভেজি।
মুফতি সরওয়ার কামাল আরও জানান, মাদ্রাসা পরিদর্শন শেষে হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার শাহ, ডক্টর মাওলানা নুরুল আবছার, মাওলানা মুহাম্মদ আনাস মাদানী, মুফতি সরওয়ার কামাল ও মাওলানা আব্দুস সবুর প্রমুখ।
সাক্ষাৎ শেষে হেফাজত আমিরের আমন্ত্রণে তারা মাদ্রাসায় দুপুরের খাবার খেয়ে দুপুর ১টায় বিদায় গ্রহণ করেন।
উল্লেখ্য, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার জন্য মূলত তারা এসেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে রওনা হবেন।
















