প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশ গ্রহণ করেছেন যারা 

ইসলাম টাইমস ডেস্ক: বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকালে গণভবনের দক্ষিণের সবুজ চত্বরে এই শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আয়োজন করা হয়।

নির্বাচনের আগে যেসব রাজনীতিকের সঙ্গে আওয়ামী লীগ সংলাপ করেছিল, চা চক্রে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নেননি জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। এ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার চিঠি দিয়েছেন তারা। চিঠিতে আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

চা-চক্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), জাতীয় পার্টি (মঞ্জু), জাসদ (আম্বিয়া), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, তরীকত ফেডারেশন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দক্ষিণ লনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

অতিথিদের বসার ব্যবস্থা করতে সবুজ চত্বরে চেয়ার, টেবিল, মোড়া ও মাদুরের ব্যবস্থা করা হয়েছে। এতে অতিথিদের নানা খাবারে আপ্যায়িত করা হয়। খাবারের মধ্যে ফুচকা, চটপটি, পাটিসাপটা, ভাপা, চিতই, পুলি পিঠা ছাড়াও বিভিন্ন ধরনের কাবাব, নানরুটি, পরোটার আয়োজন করা হয়েছে। এছাড়াও ছিল শরবত ও কফি।

বিকাল ৪টায় সবুজ চত্বরে এসে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নুরুল ইসলাম নাহিদ, ওবায়দুল কাদের, ফারুক খান, আবদুল মতিন খসরু, ড. আবদুর রাজ্জাক, ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জাতীয় পার্টির সিনিয়র নেত্রী ও সাবেক
বিরোধী নেত্রী রওশন এরশাদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, আবু হোসেন বাবলা, জেপি (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদ (আম্বিয়া) নেতা মঈন উদ্দীন খান বাদল ও নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা চা-চক্রে যোগ দেন।

 

এছাড়া বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান. মাহি বি চৌধুরী, শমসের মবিন চৌধুরী। ইসলামী ঐক্যজোটের সভাপতি মিজবাহুর রহমান চৌধুরী, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভাণ্ডারি, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, বিএনএফ সভাপতি নাজমুল হুদাসহ আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের অন্যান্য নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী চা-চক্রে ৫৪টি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলেন। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রেন্ট চা-চক্রের অনুষ্ঠানে যোগ দেয়নি।

পূর্ববর্তি সংবাদকৃষক ক্ষতিগ্রস্ত হতে থাকলে দেশের উন্নয়ন সম্ভব হবে না : ইসলামী শ্রমিক আন্দোলন
পরবর্তি সংবাদ‘নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন’