ইসলাম টাইমস ডেস্ক : দেশের রেলের সর্বোচ্চ গতি বর্তমানে ১২০ কিলোমিটার। তবে এই গতি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইন্দোনেশিয়া থেকে আধুনিক উচ্চ গতি সম্পন্ন রেল কোচ আমদানির মাধ্যমে রেলখাতকে আরও আধুনিক ও গতি সম্পন্ন করা হচ্ছে।
ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত ব্রডগেজ (বড়) লাইনের ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। মোট ৫০টি কোচ আনা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। এর ১৫টি দুই-এক দিনের মধ্যেই এসে পৌঁছাবে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায়।
রেলওয়ে সূত্রে জানায়, ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রেল ক্যারেজ (কোচ) নির্মাণ প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা) ওই কোচগুলো তৈরি করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য ২৫০টি কোচ নির্মাণ করেছে। যার ২০০টি মিটারগেজ (ছোট) ও ৫০টি ব্রডগেজ (বড়) লাইনের।
ব্রডগেজ লাইনের ৫০টি কোচ আমদানিতে ব্যয় ধরা হয়েছে ২১৩ কোটি টাকা। আর প্রতিটি কোচের গড় দাম পড়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
এরই মধ্যে আমদানি চালানের ১৫টি কোচ জাহাজযোগে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে। পরে কোচগুলো গতকাল শনিবার ঢাকা টঙ্গী জংশনে বিশেষ ব্যবস্থায় আনা হয়। সেখান থেকে ট্রান্সশিপমেন্ট (স্থানান্তর) করে ব্রডগেজ লাইনে সৈয়দপুরে আনা হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ভারপ্রাপ্ত বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) জয়দুল ইসলাম বলেন, আধুনিক ওই কোচগুলো দুই–এক দিনের মধ্যে সৈয়দপুর কারখানায় এসে পৌঁছাবে। এখানে এসবের ডি-প্রসেসিং (রক্ষণাবেক্ষণ) এবং যাবতীয় যান্ত্রিক নিরীক্ষা সম্পন্ন হবে। এরপর লোড ম্যানেজমেন্ট ঠিক আছে কি না, তা দেখার জন্য হবে ট্রায়াল রান (পরীক্ষামূলক দৌড়)। আর সব রকম নিরীক্ষা শেষে এসব চলে যাবে রেলপথে।
















