ঢাকা উত্তর সিটি মেয়র উপনির্বাচন, থাকলো না জাতীয় পার্টিও

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আগ থেকেই নেই বিএনপিসহ দেশের অনেক বিরোধী দল। এবার জাতীয় পার্টিও ছিটকে পড়লো উত্তর সিটির এই নির্বাচন থেকে। আজ জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হওয়ার মাধ্যমে তারা নির্বাচন থেকে ছিটকে পরলো।

শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, শাফিন আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে। উনি ব্র্যাক ব্যাংকের ঋণখেলাপি।

আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলামসহ বাকি পাঁচজনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (সিংহ) এর ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান এবং স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আব্দুর রহিম।

তফসিল অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি।

পূর্ববর্তি সংবাদপাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদগতি বাড়ছে রেলের