ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলেছেন, বাংলাদেশ পুলিশ তাদের সুনাম সুখ্যাতি অক্ষুণ্ন রাখার জন্যে এবার মোবাইলে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ শুনবেন আইজিপি। মুষ্টিমেয় কিছুসংখ্যক পুলিশ সদস্যের অপেশাদার আচরণ ও কর্মকাণ্ডের জন্য গোটা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়। সেসব চিহ্নিত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপি’স কমপ্লেইন সেল খোলা হয়েছে। আইজিপি’র কমপ্লেইন সেলে সাধারণ মানুষ অসৎ পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্যে ভুক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দেবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেন। এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ চালু করা হয়েছে। এই কমপ্লেইন সেল ২৪ ঘণ্টাই খোলা থাকবে।
জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং [email protected] ইমেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজির (ডিএন্ডপিএস-১) তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।
















