ইসলাম টাইমস ডেস্ক : সংলাপ ও আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা। কেউ কোনও বিষয়ে কথা বলতে চাইলে বা তার সঙ্গে নিয়মমাফিকভাবে আলাপ-আলোচনা করতে চাইলে তার দরজা খোলা আছে।’
সোমবার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
বিএনপি বা ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, ‘শেখ হাসিনার দরজা কারো জন্য কখনো বন্ধ ছিল না।’
উপজেলা চেয়ারম্যানের পদে মনোনয়নের জন্য নাম পাঠানোর ক্ষেত্রে এমপিরা প্রভাব খাটিয়ে একক নাম পাঠানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সে রকম অভিযোগ আসতে পারে। এখন এককভাবে নিয়ম ভঙ্গ করে যদি কোনও নাম বা তালিকা আসে সেজন্য তো আমাদের মনোনয়ন বোর্ড আছে। সেখানে এসব অভিযোগের ফয়সালা হবে। সঠিকভাবে নাম না আসলে জরিপ রিপোর্ট ও অন্যান্য বিষয় মিলিয়ে আমরা মনোনয়ন দেবো। শুধুমাত্র তৃণমূলের রিপোর্টের ওপর আমরা ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেবো না।’
















