যৌন হয়রানির অভিযোগে একুশে টিভির সাংবাদিক গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চিফ রিপোর্টার (প্রধান প্রতিবেদক) এমএম সেকান্দারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই নারী।

রোববার গভীর রাতে র‍্যাব-২ এর একটি দল বনশ্রীর বাসা থেকে তাকে গ্রেফতারের পর সোমবার সকালে তাকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়।

হাতিরঝিল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করীম বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় ভুক্তভোগী ওই নারী মামলা (৩নং) করেছেন। মামলায় সেকান্দার আলীই একমাত্র আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ওই নারীর অভিযোগ, তাকে দীর্ঘদিন ধরে সেকান্দার যৌন হয়রানি করে আসছেন।  বিষয়টি নিয়ে কয়েকবার টেলিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলতে গেলেও তিনি তাদের কাছে পাত্তা পাননি। অভিযোগকারী ওই নারীর দাবি, সেকান্দর তাকে প্রকাশ্যে শ্লীলতাহানি করেছেন, যার সিসিটিভি ফুটেজ ও অনেকে সাক্ষীও রয়েছেন।

ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে ওসি জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপোর্টিং কোর্স করার সময় সেকান্দারের সঙ্গে তার পরিচয় হয়। সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন তিনি। তার মাধ্যমেই ইটিভিতে চাকরি পান ওই নারী। চাকরি পাওয়ার পর থেকেই সেকান্দার তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করেছেন।

পূর্ববর্তি সংবাদদেওবন্দের শুরা সদস্য মাওলানা ইয়াকুব কাসেমির ইন্তেকাল, ভারতজুড়ে শোক
পরবর্তি সংবাদআজও শুরু হয়নি ইজতেমা মাঠের কাজ